কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সোয়া ৮টায় উপজেলার পিংগুলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী। তিনি আজ সকালে তার গ্রামের বাড়ি তিলছড়া থেকে মেয়ের বাড়ি পিংগুলিয়া গ্রামে বেড়াতে এসেছিলেন। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ নুর আলম মিয়া ও পরিবার সূত্রে জানা যায়, কামনা বেগম পিংগুলিয়া গ্রামের জামাতা ফায়েক মিয়ার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এই সময় রেললাইন পারাপারের সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরবর্তীতে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে নিহতের মেয়ের জামাই ফায়েক মিয়াকে খবর দেন। তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল তৈরি করে রেল পুলিশের কাছে হস্তান্তর করে।রেল পুলিশ আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
Design & Developed By: JM IT SOLUTION