কালের খবর ডেক্সঃ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা শহরের বিসিক এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। এ মিছিলে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, ফরিদপুর বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসভাপতি সাব্বির আহম্মেদ দীপু, সহসভাপতি মনিরুল ইসলাম সোহাগ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জের উন্নয়নের ধারা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট ও বট বাহিনী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অপপ্রচার করে এ দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা এসব অপকর্ম করবে, তাদের আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION