কালের খবরঃ
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে গোপালগঞ্জে আজ মঙ্গলবার (১৯ মে) থেকে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে। এবারের প্রতিপাদ্য “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন। গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গেপালগঞ্জ অংশের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কৌশিক আহমেদ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলি বিশ্বাস বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন সময়ে পেন্ডিং এলএ কেসের চেক ও সই-মহুরী পর্চা সেবা গ্রহীতাদের মাঝে বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে সদর উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং জেলা প্রশাসকের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন সম্পন্ন হয়।
মেলার মাধ্যমে নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, ভূমি মন্ত্রণালয় সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, অনলাইনে মৌজা ম্যাপের জন্য আবেদনসহ নানা সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারছেন। সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শও দেওয়া হচ্ছে।
এছাড়া জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া. মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী মেলা থেকে এসব উপজেলার নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, ভূমি মন্ত্রণালয় সার্ভিস পোর্টাল-এ রেজিস্ট্রেশন, অনলাইনে মৌজা ম্যাপের জন্য আবেদনসহ নানা বিষয়ে তাৎক্ষনিক সুবিধা পাবেন।
Design & Developed By: JM IT SOLUTION