কালের খবরঃ
সারা দেশের ন্যয় গোপালগঞ্জেও নানা আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ( ২ মে) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সেলিমুজ্জামান সেলিম।
এসময় গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কেএম বাবর এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুউজ্জামান বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডাঃ কে,এম বাবর এমপি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ খেলাধুলাকে পেশা হিসেবে নিয়েছে। তারা খেলাধুলার মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। আমাদের নেতা তারেক রহমানও খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতে আমাদের ছেলে-মেয়েরাও খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে সম্মানজনক ইনকাম করবেন। তাই অভিভাবকদের অনুরোধ করব, আপনার সন্তানকে খেলাধুলায় উৎসাহিত করুন। তাহলে আপনার সন্তান সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এস.এম জিলানী এমপি বলেছেন, দেশের যুব সমাজ আজ মাদক আর মোবাইলের নেশায় আসক্ত। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে এই আসক্তি থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই আমি প্রতিটি ইউনিয়নের দু’টি করে খেলার মাঠ তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। সুস্থ জাতি গঠনে সুস্থ ও সবল মানুষের কোন বিকল্প নেই।তাই পরিবারকে সজাগ থাকতে হবে যেন তাদের সন্তানরা খারাপ নেশায় আসক্ত না হয়। তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, সুস্থ-সবল ও মেধাবী সমাজ গড়ার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা কিন্তু নিছক কেবল বিনোদন বা শরীরচর্চা নয়, খেলাধুলা একটি সুন্দর পেশা। নির্বাচনের আগে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে পেশা হিসেবে বিবেচনা করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি (তারেক রহমান) সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করেছেন। একজন ভাল ও মেধাবী খেলোয়াড় তার খেলাকে পেশা হিসেবে নিতে পারেন, তার সব ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন। মায়েদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দশ হাজার টাকা কৃষি ঋণ সুদাসলে মওকুফ ও সারা দেশে খাল খননের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নতুন কুঁড়ি সৃষ্টি করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান চিন্তা করেছেন ১২ থেকে ১৪ বছর বয়সী সকল মেধাবী খেলোয়াড়দের বাছাইয়ের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।
গোপালগঞ্জ জেলায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট সহ ৮টি ইভেন্টে ৬টি দল অংশ নেবে। আজ প্রথম দিনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুকসুদপুর উপজেলা বালক দল কাশিয়ানী উপজেলাকে ১-০ গোলে ও মুকসুদপুর বালিকা দল ১-০ গোলে কাশিয়ানী উপজেলাকে পরাজিত করে।
Design & Developed By: JM IT SOLUTION