কোটালীপাড়া প্রতিনিধিঃ
জমির পাকা ধান কাটার উপযুক্ত সময় হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে। কিন্তু দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এ অবস্থায় খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এস. এম. জিলানী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে তুলে দিলেন। আজ শনিবার (১৬ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের দরিদ্র কৃষক হর্ষিত অধিকারী শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে স্থানীয় এমপি এস. এম. জিলানী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।

হর্ষিত অধিকারী বলেন, “প্রায় এক সপ্তাহ আমার জমির ধান কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু শ্রমিক না পাওয়ার কারণে জমির ধান কাটতে পারছিলাম না। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে।”
স্থানীয় বাসিন্দা অমূল্য অধিকারী বলেন, “ধান কেটে বাড়ি তুলে দেওয়ায় কৃষক হর্ষিতের অনেক উপকার হয়েছে। এজন্য আমরা আমাদের এমপি এস. এম. জিলানীকে ধন্যবাদ জানাই।”
এমপি এস. এম. জিলানী বলেন, “আমরা সকলেই এই মাটির সন্তান। ছোটবেলা থেকেই আমরা ধান কেটে অভ্যস্ত। এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। তাই প্রতি বছর এ সময় শ্রমিক সংকট দেখা দেয়। এই শ্রমিক সংকটের কারণে কৃষক হর্ষিত তার জমির ধান কাটতে পারছিলেন না। এ খবর পেয়ে আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে তুলে দিলাম।”
Design & Developed By: JM IT SOLUTION