কাশিয়ানী প্রতিনিধিঃ
মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা খুবই জরুরি।
আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, দেশের ভবিষ্যৎ এই কোমলমতি শিক্ষার্থীদের হাতেই। তারা যেন মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আজকের শিশু-কিশোররাই হবে মূল চালিকাশক্তি। তাই তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। একইসঙ্গে তিনি নারী-পুরুষ সমতার ভিত্তিতে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক বিভাগে রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। অন্যদিকে বালিকা বিভাগে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় আন্দারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি।এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
Design & Developed By: JM IT SOLUTION