কালের খবরঃ
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকান্ড নিয়ে কখনো কার্পণ্য করবেন না বলে জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য এসএম জিলানী।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসএম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, গোপালগঞ্জ তার দেশের একটি অংশ, এবং অন্য ৬৪ জেলার মতো এই জেলা সকল সুযোগ-সুবিধা মানুষ ভোগ করবে। গোপালগঞ্জ জেলার অধীনে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় কোন বৈষম্য থাকবে না। অন্য উপজেলার তুলনায় এখানে উন্নয়ন কর্মকান্ড কম হবে না, বরং অনেকাংশে বেশি আসবে।
গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ জেলা নয়। তাই এখানে কাজের শঙ্কা বা সমস্যা থাকার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, এই এলাকার উন্নয়নের ধারাটি অব্যাহত রাখতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থেকে এই টুঙ্গিপাড়া-কোটালীপাড়াকে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত স্থান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।
এর আগে, এমপি এসএম জিলানী উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার ভূমি আল-আমিন হালদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
Design & Developed By: JM IT SOLUTION