সৈয়দ আকবর হোসেনঃ
গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের একটি রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় ফরিদপুর শাখা, বরিশাল বিএম কলেজ শাখা, বরিশাল শাখা, টুঙ্গিপাড়া শাখা ও গোপালগঞ্জ শাখার মোট ৫৬ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
কর্মশালায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়ামত উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিয়া মবিন হান্নান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মোহাম্মদ আরাফাত রায়হান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মাহমুদ হাসান ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মোঃ বদিউজ্জামান।
কর্মশালায় বক্তারা বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে ব্যাংকারদের অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গ্রাহকের লেনদেন পর্যবেক্ষণ, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা জরুরি।
তারা কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ব্যাংকিং কার্যক্রমে আর্থিক অপরাধ প্রতিরোধে আরও দক্ষ ও সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও স্বচ্ছ ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Design & Developed By: JM IT SOLUTION