কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীর মারধরে মিজানুর রহমান নামে এক (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ৪ নভেম্বর বিকেলে সদর উপজেলার সাতপাড় গ্রামে স্থানীয় মনির মোল্লার ছেলে শুভ মোল্লাসহ পরিবারের সদস্যরা লাঠিসোঁটা দিয়ে বৃদ্ধ মিজানুর রহমানকে বেধড়ক মারধর করেন। ওই বৃদ্ধের সঙ্গে শুভ মোল্লার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ওই দিন তাঁর ওপর হামলা চালানো হয়। এলাকায় শুভ মোল্লার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
মারধরে মিজানুর রহমান গুরুতর আহত হলে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তাঁকে আবার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION