কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী সংবাদকর্মীদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আজ শুক্রবার টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহর ডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থকরা। একপর্যায়ে তারা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।এ ঘটনায় দায়ের করা মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION