শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আসামী ৪৫৩ জন গোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জুবাইদার ক্রয়ক্ষমতা কমায় স্থবির আবাসন বাজার নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ রামপালের কয়লা চুক্তির দৌড়ে বাঁশখালীর সরবরাহকারী লিয়ানেক্স

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১.৪২ পিএম
  • ১০ Time View
12

স্টাফ রিপোর্টারঃ

নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ছয়টি আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী। তিন দিনব্যাপী এসব আয়োজনে ২০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীগুলোতে রয়েছে প্রায় ৫০০ প্যাভিলিয়ন ও বুথ।

বৃহস্পতিবার শুরু হওয়া এসব প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের আশা, প্রদর্শনীগুলোর মাধ্যমে নতুন পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)। বৃহস্পতিবার আইসিসিবির ৪ নম্বর হলে প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম।

তিন দিনের আয়োজনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থীর সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে ৩১তম বিল্ড বাংলাদেশ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ, অষ্টম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো।

নির্মাণ ও আবাসন খাতের প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, লিফট, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, স্যানিটারি পণ্য, ইন্টেরিয়র ও ফিনিশিং উপকরণ প্রদর্শন করা হচ্ছে। রিয়েল এস্টেট এক্সপোতে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান তাদের চলমান ও নতুন প্রকল্প এবং সেবার তথ্য তুলে ধরছে।

প্রদর্শনীর অংশ হিসেবে আগামী শনি ও রবিবার স্থাপত্যবিষয়ক মাস্টারক্লাস, প্যানেল আলোচনা এবং বিভিন্ন প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে স্থপতি, গবেষক, আবাসন খাতের উদ্যোক্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেবেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রদর্শনীতে সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক আলোকব্যবস্থার বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে ওয়াটার বাংলাদেশ এক্সপোতে পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তি তুলে ধরা হয়েছে।

শিল্প-কারখানা ও আবাসিক ভবনে নিরাপদ পানি সরবরাহের পাশাপাশি ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি ও সমাধানও প্রদর্শনীতে স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পানির গুরুত্ব মানুষ অনেক সময় যথাযথভাবে উপলব্ধি করে না। রাজধানী ঢাকায় প্রায় তিন কোটি মানুষের বসবাস। এর মধ্যে এক কোটির বেশি মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে পারেন না। এর ফলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী একসময় মাছের জন্য পরিচিত ছিল। বর্তমানে এসব নদীতে মাছ চাষের অনুকূল পরিবেশ নেই। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা এবং নাব্যতা পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্য বাস্তবায়নে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নতুন করে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিসংকট প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করা না হলে আগামী ২৫ থেকে ৩০ বছর পর ওই অঞ্চলে বসবাসের পরিবেশ মারাত্মক সংকটের মুখে পড়তে পারে। পানির প্রবাহ নিশ্চিত করা না গেলে লবণাক্ততা বৃদ্ধি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং কৃষি ও মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও জানান, সরকার গঠনের তিন মাসের মধ্যে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION