কালের খবর ডেক্সঃ
শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্য আর ভক্তদের প্রার্থনায় উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে উদ্যাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা মহা অষ্টমী পূজা।আজ সোমবার (১৯ অক্টোবর) ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয় মহা অষ্টমীর পূজার আনুষ্ঠানিকতা। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ষোড়শ উপচারে দেবী দুর্গার পূজা-অর্চনা করা হয়। এ সময় দেবীর দর্শন ও পূজায় অংশ নিতে মণ্ডপগুলোতে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তরা।
মহা অষ্টমীর অন্যতম আকর্ষণ অঞ্জলি নিবেদন। পূজার একপর্যায়ে ভক্তরা ফুল ও বেলপাতা হাতে দেবীর চরণে অঞ্জলি দেন। এ সময় অপশক্তির বিনাশ, বিশ্বশান্তি, সুখ-সমৃদ্ধি ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। ভক্তি, শ্রদ্ধা আর ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
এদিকে, মহা অষ্টমীর অঞ্জলি শেষে জেলার ১ হাজার ২৮৮টি পূজামণ্ডপে নির্ধারিত তিথি ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত এ বিশেষ পূজাকে ঘিরেও মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Design & Developed By: JM IT SOLUTION