কালের খবর ডেক্সঃ
নবপত্রিকা স্নান, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে গোপালগঞ্জে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। দেবীর কাছে অশুভ শক্তির বিনাশ আর বিশ্বশান্তি কামনায় পূজায় মগ্ন ভক্তরা। ভোরের আলো ফুটতেই ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোপালগঞ্জের পূজামণ্ডপগুলো। নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর পূজা। বাজার যুব সংঘ মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে চলে পূজার আনুষ্ঠানিকতা।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, কাঁসর আর উলুধ্বনিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পূজার অঞ্জলি আর প্রার্থনায় অংশ নেন ভক্তরা। দুর্গতিনাশিনী দেবীর কাছে অশুভ শক্তির বিনাশ, বিশ্বশান্তি, মানুষের কল্যাণ ও সুখ-সমৃদ্ধি কামনা করেন তারা।
এদিকে, দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করছে পুলিশ ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। এ বছর গোপালগঞ্জ জেলার ১ হাজার ২৮৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
Design & Developed By: JM IT SOLUTION