কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’এই বিষয়কে গুরুত্ব দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য মানুষের জীবন ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির সহজলভ্যতার কারণে দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব হলেও একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে জনগণের সঠিক ও নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন কার্যকর ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। জনগণের তথ্য জানার অধিকার বাস্তবায়নের পাশাপাশি দায়িত্বশীলভাবে তথ্য প্রদান এবং সঠিক তথ্য ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি দপ্তরের তথ্যপ্রাপ্তির সুযোগ সহজ করা এবং ডিজিটাল মাধ্যমে অপতথ্য প্রতিরোধে করণীয়সহ তথ্য অধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলি বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা বেনজির আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গোপালগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION