কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।নিহত নারী সীমা সরকার (৪০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী। আহত মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তারা দুজন সম্পর্কে দেবর-বৌদি।আজ শনিবার সকাল ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম শেখ (৩৫) আটক করেছে পুলিশ।
এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শনিবার সকালে মানিক সরকার বৌদি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলে পিরোজপুর থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়া হয়ে বরিশালের গৌরনদী যাচ্ছিলেন। তারা টুঙ্গিপাড়ার জোয়ারিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়ার মাঝবাড়ি থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সীমা সরকার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক মানিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমা সরকারকে মৃত ঘোষণা করেন। আহতকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাভার্ডভ্যান চালক শামীম শেখকে আটক করে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION