কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার চিতশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিদারুল ইসলাম হাওলাদার কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দিদারুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতে আজ সকালে চিতশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসেবে যোগদান করে কর্মরত আছেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তার সম্পদের হিসাব জমা দেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ জুন তিনি পুনরায় সম্পদের হিসাব দাখিল করেন। তার বিবৃতিতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগ দখল করছেন বলে জানান। কিন্তু দুদক অনুসন্ধান চালিয়ে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের খোঁজ পায়।
তথ্য বিবরণীতে আরো জানা গেছে, দিদারুল ইসলাম হাওলাদার ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭, ০৮-১০-২০২৪)।
Design & Developed By: JM IT SOLUTION