কালের খবরঃ
রমজানের তপ্ত দুপুর আর ক্লান্তি উপেক্ষা করে দিনভর নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করেছেন গোপালগঞ্জ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ছুটে যান গান্দিয়াসুর রঞ্জন গোঁসাই সেবাশ্রমে। সেখানে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এই সমাজে একজন মুসলমান যে সুযোগ-সুবিধা ভোগ করে, আপনারাও সমান অধিকার পাবেন। হিন্দু সম্প্রদায়কে কেউ হুমকি দিলে কঠোর হস্তে দমন করা হবে।
এ সময় তিনি সেবাশ্রম মন্দির পর্যন্ত রাস্তা কার্পেটিং করে দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেন। সভায় জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বিকেল ৪টায় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর পৌঁছান ‘হরিচাঁদ গুরুচাঁদ সাতপাড় সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে’। সেখানে মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ বাবর বলেন, আমি কথা দিয়েছিলাম সাতপাড়ে মডেল মন্দির করে দেব। আপনারা জায়গা নির্ধারণ করে দিন, আমি সেখানে দৃষ্টিনন্দন মডেল মন্দির স্থাপন করব।
এছাড়া তিনি মন্দিরের সামনের মাঠ বালু ভরাট করে উঁচু করা এবং শ্মশানঘাট পর্যন্ত রাস্তাটি পাকাকরণের আশ্বাস দেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতুয়া সম্প্রদায়ের শ্রী পদ্মনাভ ঠাকুর, শ্রী সম্পদ ঠাকুর, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব। এছাড়া আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, কায়েস আহমেদ লিপু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান ও যুবদল নেতা ধলা মিনা সহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এই সভায় তিনি গোপালগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Design & Developed By: JM IT SOLUTION