কালের খবরঃ
গোপালগঞ্জে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত ৮টি পরিবারের কাছে ৪০ লক্ষ টাকার আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুদান প্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের গাজী মোঃ হাফিজুর রহমান, রুহুল আমীন খান, দুলাল খান, গোপীনাথপুর গ্রামের মোঃ অলিদ হাসান খান, ইছাখালী গ্রামের বাধন হাসান, দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ, কাজুলিয়া গ্রামের একরাম শেখ ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আলিশা মুসকান।
পরে জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সাথে কথা বলে বর্ণনা শুনে তাদেরকে এই টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করার অনুরোধ জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া, মোঃ ইয়াছিনসহ বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিহতদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION