কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে এক ভর্তি রোগীকে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামে এই যুবককে প্রথমে মারধর করে প্রতিপক্ষ। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।
গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার তাকে উপজেলার বর্ষাপাড়া গ্রামের বাড়ি থেকে মারধর করে আহত করা হয়।
জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে আহত করে।আজ শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পান্না বিশ্বাসের লোকজন সেখানে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।আহতের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। হাসপাতালে নেওয়ার পর সেখানে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।এ ব্যাপারে কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION