টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই, শেখ পরিবারের অন্যতম সদস্য, আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা, বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন (৮৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানান। পরে বাদ জোহর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় গোপালগঞ্জ-০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ্জামানসহ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। পরে তাকে টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত শনিবার রাতে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শেখ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয়স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
শেখ কবির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকার কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। এরপর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে।
শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন খান সাহেব এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মরহুম শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য, বীমা ও ব্যবসায়িক ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ও লায়ন্স ক্লাবের পরিচালক ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, যা দেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন। এ শিক্ষা উদ্যোক্তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তাগণ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
Design & Developed By: JM IT SOLUTION