মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেন মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নূর ইসলাম আহত হন। এ ঘটনার জেরে নূর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হন। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), স্ত্রী রূপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরপক্ষের নূর ইসলাম (৩৩)কে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের মুকসুদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।
Design & Developed By: JM IT SOLUTION