কালের খবরঃ
গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে এই প্রথম বিএনপির এতো বড় বিজয় অর্জন করেছে। এর আগে, ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসন (সংসদীয় আসন ২১৫) থেকে মাত্র একবার বিএনপির এফ.ই. শরফুজ্জামান জাহাঙ্গীর বিএনপি থেকে বিজয়ী হয়েছিলেন।
এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির তিনটি আসনেই জয় পেল বিএনপি। গোপালগঞ্জ-১ আসনে (সংসদীয় আসন ২১৫) বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে (সংসদীয় আসন ২১৬) বিএনপি মনোনীত কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে (সংসদীয় আসন ২১৭) বিএনপি মনোনীত এস এম জিলানী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মোঃ কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট।
গোপালগঞ্জ-১ আসন থেকে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার ৩,৯৯,৫১০জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৮২১ জন আর নারী ভোটার ১,৯৬,৬৮৯ জন। ভোট কেন্দ্র ১৩৮টি।
গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট।
গোপালগঞ্জ-২ আসন (সংসদীয় আসন ২১৬) থেকে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার ৩,৮৪,৩২৪ জন। পুরুষ ১,৯৪,০৬২ জন আর নারী ১,০৯,২৫৮ জন, হাজড়া ৪ জন। ভোট কেন্দ্র ১৫১টি।
গোপালগঞ্জ-৩ আসনে (সংসদীয় আসন ২১৭) বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০,১৬৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট।
গোপালগঞ্জ-৩ আসন (সংসদীয় আসন ২১৭) থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার ৩,০৮,৭৮৪ জন। পুরুষ ১,৫৮,৪০৫ জন আর নারী ১,৫০,৩৭৮ জন, হিজড়া ১ জন। ভোট কেন্দ্র ১০৮টি।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর আগে, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী কে এম বাবরের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহকারী রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি বিজয় মিছিল নিয়ে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে আসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি বিএনপি’র চেয়ারম্যানের মাধ্যমে বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তার চেয়েও বেশি উন্নয়ন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, ভবিষ্যতে গোপালগঞ্জের শান্তি ও নিরাপত্তার জন্য এবং উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি’র প্রার্থীদের বিজয়ী করায় গোপালগঞ্জের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION